বলিউডের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস এবার প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য ভৌতিক সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। আর প্রতিষ্ঠানটির এই নতুন ঘরানার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। এখনো নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি ২০২৮ সালের ৩১ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে রোমান্স, অ্যাকশন, ড্রামা, কমেডি ও থ্রিলারধর্মী সিনেমা নির্মাণ করে আসছে যশরাজ ফিল্মস। এবার সেই পরিচিত গণ্ডি পেরিয়ে হরর বা ভৌতিক ঘরানায় পা রাখতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন এই সিনেমা পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন ‘রকেট বয়েজ’ ওয়েব সিরিজখ্যাত নির্মাতা অভয় পান্নু। বড় পর্দার পূর্ণদৈর্ঘ্য সিনেমা পরিচালক হিসেবে এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম কাজ।
যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সরাসরি তত্ত্বাবধানে সিনেমাটি প্রযোজনা করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অক্ষয় বিধানি। নতুন প্রজন্মের নির্মাতাদের ভিন্নধর্মী গল্প ও ভাবনাকে গুরুত্ব দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি, এই সিনেমা তারই অংশ বলে জানা গেছে।
এদিকে ‘সুই ধাগা’র পর দ্বিতীয়বারের মতো যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করতে যাচ্ছেন বরুণ ধাওয়ান। তবে এই প্রথমবারের মতো তাঁকে দেখা যাবে ভৌতিক ঘরানার সিনেমায়। ফলে পরিচিত রোমান্টিক ও কমেডি চরিত্রের বাইরে নতুন এক রূপে নিজেকে তুলে ধরার সুযোগ পাচ্ছেন এই অভিনেতা।
এখনো সিনেমাটির নাম, গল্পের মূল প্রেক্ষাপট কিংবা বরুণ ধাওয়ান ছাড়া অন্য অভিনয়শিল্পীদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই বলিউডের দর্শকদের মধ্যে নতুন সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। যশরাজ ফিল্মসের প্রথম হরর সিনেমায় বরুণ ধাওয়ানের অভিনয় এবং অভয় পান্নুর পরিচালনা—সব মিলিয়ে বড় পর্দায় নতুন অভিজ্ঞতার অপেক্ষায় থাকবেন দর্শকরা।