দেশে মাদকের চেহারা ও কেনাবেচার ধরনে পরিবর্তন আসছে। প্রচলিত ইয়াবা, গাঁজা ও হেরোইনের পাশাপাশি ভেপের তরল, বিশেষ কাগজ ও চকলেটের আড়ালেও পাওয়া যাচ্ছে মাদক। সামাজিক যোগাযোগমাধ্যম, গোপন বার্তা আদান-প্রদানের গ্রুপ এবং অনলাইন কেনাকাটার মাধ্যমে চলছে এসব মাদকের বেচাকেনা। নতুন এই বাজারে তরুণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্পৃক্ততার তথ্যও পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সম্প্রতি রাজধানীর উত্তরার একটি বাসায় কেটামিন প্রক্রিয়াজাত করার ল্যাবের সন্ধান পায় ডিএনসি। গত ২৫ মার্চ সেখানে অভিযান চালিয়ে চীনের তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তাদের ভাষ্য, চক্রটি বিদেশ থেকেও মাদকের অর্ডার পেত এবং কুরিয়ারে তা সরবরাহ করত।
এ ছাড়া গাজীপুরের টঙ্গীতে ইয়াবা গুঁড়া করে নতুন বড়ি তৈরি, পুরান ঢাকার ওয়ারীতে কুশ চাষ এবং ভাটারায় ভেজাল মদ তৈরির তথ্য পেয়েছে সংস্থাটি। অর্থাৎ বিদেশ থেকে মাদক আসার পাশাপাশি দেশের ভেতরেও নতুন ধরনের মাদক উৎপাদন ও প্রক্রিয়াজাত করা হচ্ছে।
ডিএনসির তথ্য অনুযায়ী, দেশে অন্তত ২৪ ধরনের মাদক পাওয়া যায়। ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আট বছরে নতুন বা অপ্রচলিত ১৩ ধরনের মাদক শনাক্ত ও উদ্ধার হয়েছে। এর মধ্যে ২০১৯ সালে পাঁচটি এবং ২০২১ সালে তিনটি নতুন ধরনের মাদক শনাক্ত হয়।
শনাক্ত হওয়া মাদকের তালিকায় রয়েছে আইস, এমডিএমএ বা এক্সট্যাসি, এলএসডি, ডিএমটি, ম্যাজিক মাশরুম, ডিওবি, কুশ, ব্ল্যাক কোকেন, এমডিএমবি, খাত, ট্যাপেন্টাডল ও ট্রামাডলসহ বিভিন্ন পদার্থ। এগুলোর কোনোটি উত্তেজক, কোনোটি বিভ্রম সৃষ্টি করে। আবার কিছু পদার্থ চিকিৎসায় ব্যথানাশক ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়।
ডিএনসির কর্মকর্তাদের ভাষ্য, এমডিএমএ মূলত ক্লাব ও পার্টিতে ব্যবহৃত হয়। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস থেকে এই মাদক আসার তথ্য রয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য থেকে ডাকযোগে আসা একটি চালানে ৩১৭টি এমডিএমএ বড়ি উদ্ধার করা হয়।
নতুন মাদকের বিস্তারের সঙ্গে পাল্টে যাচ্ছে সরবরাহব্যবস্থাও। প্রচলিত পদ্ধতির বাইরে অনলাইন যোগাযোগ, গোপন গ্রুপ ও কুরিয়ার ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে মাদক কারবারিরা। পরিচিত পণ্য ও ভিন্ন ধরনের বাহকের আড়ালে মাদক সরবরাহের কারণে এসব অপরাধ শনাক্ত করাও কঠিন হয়ে উঠছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন মাদক শনাক্ত, উৎপাদন ও সরবরাহ বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অনলাইনভিত্তিক মাদক কারবার দমনে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে তরুণদের মধ্যে এসব মাদকের বিস্তার ঠেকাতে সচেতনতা ও আইন প্রয়োগ—দুই ক্ষেত্রেই গুরুত্ব দিতে হবে।