মেয়ের তৃতীয় জন্মদিনে ব্যাট হাতে দারুণ এক উপহার দিলেন বাংলাদেশ টেস্ট দলের ব্যাটার লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নিয়ে নিজের বিশেষ ইনিংসটি উৎসর্গ করেছেন মেয়ে আনায়রাকে। ব্যাটিংয়ের পাশাপাশি মেয়ের প্রতি ভালোবাসার প্রকাশও নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।
দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন লিটন। এটি টেস্ট ক্রিকেটে তাঁর অষ্টম সেঞ্চুরি। শতরান পূর্ণ করার পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদ্যাপন করেন তিনি। এরপর পকেট থেকে একটি কাগজ বের করে দর্শকদের সামনে তুলে ধরেন।
সেই কাগজে মেয়ের উদ্দেশে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য।’ লিটনের মেয়ে আনায়রার আজ তৃতীয় জন্মদিন। জীবনের বিশেষ এই দিনে বাবার কাছ থেকে পাওয়া এমন উপহার নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।
তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি লিটনের সতীর্থ মেহেদী হাসান মিরাজ। দিনের প্রথম উইকেট হিসেবে ডেল পিটারসনের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৬ বলে ১০ রান করেন মিরাজ।
এর আগে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২৭ রান। দিনের শেষ বলে মার্কো ইয়ানসেনের এলবিডব্লিউর শিকার হয়ে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয়। লিটনের সঙ্গে তাঁর ২০৬ রানের ষষ্ঠ উইকেট জুটির সমাপ্তি ঘটে তাতেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।