কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেছেন, দেশে ও দেশের বাইরে দলটির নেতাকর্মীদের কথিত সহিংস কর্মকাণ্ডই প্রমাণ করে তাদের রাজনৈতিক অবস্থান ও আচরণে কোনো পরিবর্তন আসেনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ব্রিফিংয়ে ড. মাহদী আমিন জানান, ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এটিকে বর্তমান সরকার দেশের অর্থনীতি ও উন্নয়নের ক্ষেত্রে একটি বড় অর্জন হিসেবে দেখছে।
তিনি বলেন, নতুন সরকারের শ্রমবান্ধব নীতিমালায় অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ করছে। দেশের বহুমাত্রিক উন্নয়নে মার্কিন এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, অতীতে দুর্নীতি ও নানা অনিয়মের কারণে বাংলাদেশে এ ধরনের বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকারের নীতিগত পরিবর্তনের ফলে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গ তুলে ড. মাহদী আমিন বলেন, ‘পলাতক রাজনৈতিক অপশক্তি দেশে ও দেশের বাইরে যে সহিংসতা করছে, তা থেকেই প্রমাণিত হয় তাদের কোনো পরিবর্তন হয়নি।’
তিনি আরও ইঙ্গিত দেন, দেশের অভ্যন্তরে এবং বিদেশের মাটিতে সংঘটিত বিভিন্ন সহিংসতার ঘটনাকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।