দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি স্থানে বন্দুক হামলার ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন পুরুষ ও তিনজন নারী। রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে দেশটির দুটি এলাকায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (১৬ নভেম্বর) পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি ও সংবাদমাধ্যম আল জাজিরা।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে পিটারমারিৎসবার্গ শহরের উপকণ্ঠে সুইটওয়াটারস এলাকায়। সেখানে গুলিবিদ্ধ একটি গাড়ির ভেতর থেকে আটজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়েছিল।
এর কয়েক ঘণ্টা পর দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে রাজধানী প্রিটোরিয়ার কাছাকাছি জেফসভিলের একটি অনানুষ্ঠানিক বসতিতে। সেখানকার একটি ঝুপড়ি ঘর থেকে গুলিবিদ্ধ অবস্থায় ছয়জন পুরুষ ও তিনজন নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার দক্ষিণ আফ্রিকার জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা জানান, দুটি অপরাধস্থলের মধ্যে প্রায় ৫৩০ কিলোমিটার বা ৩৩০ মাইল দূরত্ব রয়েছে। তবে পৃথক এই হামলাগুলোর পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
তিনি বলেন, দেশটিতে একের পর এক গণগুলিবর্ষণের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। কোনোভাবেই তাদের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে দেওয়া যাবে না।
এদিকে প্রিটোরিয়ার জেফসভিল এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আল জাজিরার প্রতিনিধি ক্লেমেন্ট মানিয়াথেলা জানিয়েছেন, ঘটনার পর থেকে স্থানীয়রা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। মধ্যরাতের কিছু আগে চার কক্ষবিশিষ্ট একটি ঝুপড়ি ঘরে এই হত্যাকাণ্ড ঘটে। এক আত্মীয়কে খুঁজতে ওই ঘরে যাওয়া একটি ছোট শিশু প্রথম মরদেহগুলো দেখতে পায় বলে জানা গেছে।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ কর্মকর্তা, তদন্তকারী ও ফরেনসিক বিশেষজ্ঞরা। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, গাউটেং প্রদেশের পুলিশ কমিশনার টমি এমথমবেনি জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন গত বছর পার্শ্ববর্তী সলসভিল এলাকায় সংঘটিত আরেকটি বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন ছিলেন। ওই ঘটনায় ১২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছিলেন।
টমি এমথমবেনি বলেন, আগের ঘটনার সঙ্গে এবারের হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি প্রতিশোধমূলক হামলা হয়ে থাকতে পারে বলেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
অন্যদিকে, পিটারমারিৎসবার্গের সুইটওয়াটারস এলাকায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের মুখপাত্র রবার্ট নেটশিউন্দা জানিয়েছেন, কয়েকটি পরিবার নিহতদের পরিচয় শনাক্তে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য কিংবা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই দক্ষিণ আফ্রিকায় উচ্চমাত্রার সহিংস অপরাধ ও বন্দুক হামলার ঘটনা উদ্বেগের কারণ হয়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক প্রাণহানির গণগুলিবর্ষণের ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।