বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে হত্যার হুমকি দিয়েছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ডিলন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বচ্চন পরিবারের দুই সদস্যকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে মুম্বাইয়ে তাদের দুই শতাধিক সহযোগী সক্রিয় ও প্রস্তুত রয়েছে বলেও দাবি করেছে গ্যাংস্টার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটির সত্যতা এবং এতে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সম্প্রতি দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুই শুটারকে গ্রেপ্তার করে। এ ঘটনার পরই নতুন করে বচ্চন পরিবারকে লক্ষ্য করে হুমকির বিষয়টি সামনে আসে। গোল্ডি ডিলনের দাবি, দুই শুটার গ্রেপ্তার হলেও তাদের পরিকল্পনায় কোনো প্রভাব পড়েনি। মুম্বাইয়ে তাদের বিপুলসংখ্যক সহযোগী রয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।
হুমকি বার্তায় ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গও টেনে আনা হয়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা কাউকে ছাড় দেওয়া হবে না বলে দাবি করা হয়েছে। বিশেষ করে অমিতাভ ও অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে বলা হয়েছে, তাঁদের নিরাপত্তায় যতই বুলেটপ্রুফ কাচ বা বিশেষ সুরক্ষাবলয় তৈরি করা হোক, হত্যার চেষ্টা থামবে না।
এর আগে গত শনিবার দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে দুই শুটারকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন পাঞ্জাবের জলন্ধরের বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং তরণ তরণের দীপক সিং ওরফে দীপ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র বাইরে হামলা চালানোর বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা থাকতে পারে।
এদিকে, গত এক মাস ধরে অমিতাভ বচ্চনের বাড়ি জলসাকে ঘিরে একের পর এক নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে বাড়িটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনটি পৃথক ই-মেইল পাঠানোর ঘটনাও ঘটে। এসব ঘটনার পর বাড়িটির নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এরই মধ্যে গত ১ নভেম্বর অমিতাভ বচ্চনের নিয়মিত রোববারের ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময়েও দেখা যায় নিরাপত্তার বাড়তি ব্যবস্থা। সাধারণত বাড়ির বাইরে এসে ভক্তদের অভিবাদন জানালেও সেদিন তাঁকে তিন দিক থেকে বুলেটপ্রুফ কাচে ঘেরা বিশেষ সুরক্ষাবলয়ের মধ্যে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়।
সব মিলিয়ে নতুন এই হুমকির ঘটনায় বলিউডে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হুমকির পোস্টে করা দাবিগুলোর সত্যতা, হামলার পরিকল্পনা কিংবা কথিত ২০০ সহযোগীর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলে বিষয়গুলোকে নিশ্চিত তথ্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।