কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে সরকারের নিজস্ব ব্যবস্থা ও তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে। তবে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে নজরদারির পদ্ধতি প্রকাশ করা সম্ভব নয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন স্তরের অনেক কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিংবা রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ছিলেন। অতীতে কোনো দলের সঙ্গে সম্পৃক্ততা থাকাকে সমস্যা হিসেবে দেখছে না সরকার। তবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে কেউ রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত থাকলে তা উদ্বেগজনক।
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সরকারের নিজস্ব ব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে।
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, ছবি ও ভিডিও ফুটেজে যাঁদের অস্ত্র হাতে দেখা গেছে, তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা সরকার কোনোভাবেই সহ্য করবে না। এ জন্য এলাকায় যৌথবাহিনী মোতায়েন রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যাঁরা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাঁরা নিজেদের বিপদ ডেকে আনছেন। এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ এবং এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই নিতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, পরিস্থিতি অনুযায়ী আনুপাতিক হারে বলপ্রয়োগ করতে হবে। পুলিশের বলপ্রয়োগের অধিকার থাকলেও প্রয়োজনের অতিরিক্ত শক্তি প্রয়োগ করা উচিত নয়। অতীতে অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।
আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ঢাকায় এ কর্মসূচির তেমন প্রভাব পড়বে না বলে সরকার মনে করছে। সারা দেশেও বড় ধরনের কোনো সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা করছে না সরকার।
গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহারের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রত্যাহারের অর্থ এই নয় যে সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন। বরং দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকলে তা স্বীকার করে নতুন কর্মকর্তার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।
গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য প্রতিষ্ঠান। তবে পুলিশের দায়িত্ব পালন করতে হবে সর্বনিম্ন বলপ্রয়োগ ও হতাহতের মধ্য দিয়ে। প্রথম দিনের পরিস্থিতি আরও বেশি সহিংস হতে পারত উল্লেখ করে তিনি দাবি করেন, পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কৌশল কার্যকর হয়েছে।