মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের বিষয়টি জানানো হয়েছে। এর ফলে আগামী দিনে বাংলাদেশের বড় বড় প্রকল্পে মার্কিন বিনিয়োগ আনা সহজ হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে।
আগে বাংলাদেশ এ ধরনের অর্থায়নের সুযোগ পায়নি কেন—এ বিষয়ে তিনি বলেন, অতীতে শ্রমবিরোধী নীতিমালা প্রণয়নের কারণে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন বাংলাদেশে আসেনি বা দীর্ঘদিন বন্ধ ছিল।
বর্তমান সরকারের নীতিমালার ধারাবাহিকতা ও আন্তর্জাতিক আস্থার বিষয়টি তুলে ধরে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি বৈশ্বিক আস্থার প্রতিফলন হচ্ছে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন। গত নয় মাসে সরকারের নীতিগত ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক মহলের আস্থাও এতে প্রতিফলিত হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির কাজ চলছে। এর ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের পেছনে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ করেছে এবং শ্রম আইন পাস করেছে। শ্রমিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় এসব উদ্যোগ আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের উৎসাহিত করেছে।
অর্থায়নের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, প্রতিটি প্রকল্প আলাদাভাবে বিবেচনা করা হবে। প্রকল্পের ধরন ও যোগ্যতা অনুযায়ী অর্থায়নের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে বাংলাদেশের প্রয়োজনীয় বড় প্রকল্পগুলোতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আনার পথ আরও সহজ হবে।
তিনি আশা প্রকাশ করেন, ডিএফসির অর্থায়নের সুযোগ কাজে লাগিয়ে দেশে বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে।