বাহরাইনের রাজধানী মানামায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে সম্ভাব্য হামলার বিষয়ে জরুরি সতর্কবার্তা পাঠানোর পরপরই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে দেশটির শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিকের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বিস্ফোরণের পর বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বার্তায় দেশটির নাগরিক ও বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এবং যেকোনো তথ্যের জন্য শুধু সরকারি মাধ্যমের ওপর নির্ভর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানের আইআরজিসির নিজস্ব সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকালে তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন পরিচালিত রাডারব্যবস্থায় ‘নিখুঁত অভিযান’ চালিয়েছে।
মার্কিন সামরিক ড্রোন বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় এর জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
এর এক দিন আগে, ১৬ নভেম্বর মানামায় অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। এতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন কর্মকর্তা ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার ইরানি প্রচেষ্টার বিষয়ে সতর্ক করা হয়।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছিল, বাহরাইনের নিরাপত্তা পরিস্থিতি যেকোনো সময় দ্রুত অবনতি হতে পারে। এ কারণে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, সম্ভাব্য ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও এয়ারলাইনসের কার্যক্রমের ওপর নজর রাখার নির্দেশনাও দিয়েছিল ওয়াশিংটন। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হুতিদের হামলার উদাহরণ টেনে এ সতর্কতা জারি করা হয়।
বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত হওয়ায় দেশটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। ফলে রাজধানী মানামা ও মার্কিন সামরিক স্থাপনা ঘিরে এ হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।