বেশ কয়েক মাস ধরেই বিয়ে-বিচ্ছেদ ও নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে অভিনেত্রী সাবিলা নূরকে ঘিরে। এত দিন এসব বিষয়ে নীরব থাকলেও এবার নতুন সম্পর্কের কথা জানিয়েছেন তিনি। তবে তাঁর নতুন ভালোবাসা কোনো ব্যক্তি নয়, লিলি।
সম্প্রতি একটি আয়োজনে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন সাবিলা। বিচ্ছেদ নিয়ে প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিলেও নতুন সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন সম্পর্ক বা নতুন ভালোবাসার যে খবরটা আসছে, সেটির আজকেই সিক্রেট বের হয়ে গেল। আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। আমার এই ভালোবাসার লিলি যেন সব সময় আমার সঙ্গে থাকে।’
এদিকে বড় পর্দায় ব্যস্ততা বাড়ছে সাবিলার। প্রথম সিনেমা ‘তাণ্ডব’-এ শাকিব খানের সঙ্গে অভিনয়ের পর নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’-এ যুক্ত হয়েছেন তিনি। এতে আবারও শরীফুল রাজের সঙ্গে পর্দা ভাগ করবেন অভিনেত্রী। এর আগে তাঁরা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।
সাবিলা জানান, সিনেমা নির্বাচনের ক্ষেত্রে তাঁর কাছে গল্পই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন সিনেমার প্রস্তুতির অংশ হিসেবে নিয়মিত সিনেমা দেখছেন তিনি। বিশেষ করে হরর সিনেমার প্রতি তাঁর আলাদা আগ্রহ রয়েছে।
টেলিভিশন নাটকে জনপ্রিয়তা পেলেও দুই বছরের বেশি সময় ধরে ছোট পর্দায় অনিয়মিত সাবিলা। তবে নাটক থেকে পুরোপুরি সরে যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী।