গ্র্যামি অ্যাওয়ার্ডসের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন পপসম্রাজ্ঞীখ্যাত মার্কিন সংগীতশিল্পী বিয়ন্সে। প্রথম শিল্পী হিসেবে গ্র্যামিতে তাঁর মোট মনোনয়নসংখ্যা ১০০-তে পৌঁছেছে। সোমবার (১৬ নভেম্বর) ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশের পর এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পেয়েছেন ৪৫ বছর বয়সী এই গায়িকা। এর মধ্য দিয়ে গ্র্যামিতে তাঁর মোট মনোনয়ন দাঁড়িয়েছে ১০০টি। শুধু মনোনয়ন নয়, পুরস্কার জয়ের দিক থেকেও শীর্ষে রয়েছেন বিয়ন্সে। এ পর্যন্ত ৩৫টি গ্র্যামি জিতেছেন তিনি।
নিজের ‘বি’ডে’ (B’Day) অ্যালবামের ২০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের জুলাইয়ে ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ প্রকাশ করেন বিয়ন্সে। এক মাস পর স্বামী জে-জেডকে যুক্ত করে গানটির রিমিক্স সংস্করণও প্রকাশ করেন তিনি।
এবারের আসরে পাঁচটি মনোনয়ন পেয়েছেন টেইলর সুইফট। সব মিলিয়ে গ্র্যামিতে তাঁর মনোনয়নসংখ্যা ৬৩ এবং পুরস্কার জয়ের সংখ্যা ১৪। সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর জন্য বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এ নিয়ে টানা পাঁচটি স্টুডিও অ্যালবামের জন্য এই বিভাগে মনোনয়ন পেলেন সুইফট।
এবার সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন রেই। এরপর ৯টি মনোনয়ন নিয়ে রয়েছেন রোজালিয়া। ফিবি ব্রিজার্স, মিরান্ডা ল্যামবার্ট, এলা ল্যাংলি ও অলিভিয়া রদ্রিগো পেয়েছেন সাতটি করে মনোনয়ন। অন্যদিকে অলিভিয়া ডিন, ব্রুনো মার্স ও লিওন থমাসের ঝুলিতে রয়েছে ছয়টি করে মনোনয়ন।
আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৯তম আসর। বাংলাদেশ সময় ৮ ফেব্রুয়ারি সকাল ৬টায় শুরু হবে মূল আয়োজন। অনুষ্ঠানটি এবিসি, ডিজনি প্লাস ও হুলুতে সম্প্রচার করা হবে।