সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে । এ উপলক্ষে বুধবার (০৫ আগষ্ট) দিনব্যাপী সোনারগাঁও উপজেলা প্রশাসন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেন ।
এর মধ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চার দিনব্যাপী জুলাই চেতনা ভিত্তিক ক্ষুদ্র মেলার আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে ময়ূরপঙ্খী মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁও থানার ওসি ( তদন্ত) আনোয়ার হোসেন, সোনারগাঁও ক্রীড়া সংস্থার সদস্য সচিব খায়রুল ইসলাম সজীব, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান।
ফাউন্ডেশনের উদ্যোগে চার দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে জুলাই চেতনার ওপর ভিত্তি করে একটি ক্ষুদ্র মেলা এবং সোনারগাঁওয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিশু অংশগ্রহণ করে। এ ছাড়া বাউল গান, জারিগান, সারিগান, ভাওয়াইয়া গান, সামাজিক নৃত্য, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিকে বুধবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে এমপির পক্ষ থেকে জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন এবং যারা আহত হয়ে দেশের জন্য আত্মত্যাগ করেছেন, জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।