বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে চলমান আলোচনার মধ্যে এ বিষয়ে মন্তব্য করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
রোববার (২ আগস্ট) ভারতের কলকাতায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তসলিমা নাসরিন বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান। তবে তার পক্ষে দেশে ফেরা সম্ভব হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
তসলিমা বলেন, “শেখ হাসিনা ফিরতে চান। আমি জানি না তার পক্ষে ফেরা সম্ভব হবে কি না। তবে আমি চাই তিনি ফিরুন। দেশে যেন গণতন্ত্র টিকে থাকে।”
নিজের দেশে ফেরা প্রসঙ্গেও কথা বলেন তিনি। তসলিমার ভাষ্য, অতীতের বিভিন্ন সরকার তাকে বাংলাদেশে ফিরে আসার সুযোগ দেয়নি।
তিনি বলেন, “আমাকে কেউ ফিরতে দেয়নি। শেখ হাসিনাও ফিরতে দেননি, খালেদা জিয়াও ফিরতে দেননি। এরপর যারা ক্ষমতায় এসেছেন, তারাও ফিরতে দেননি। শেখ হাসিনার পক্ষে দেশে ফেরা সম্ভব হতে পারে, কিন্তু আমার পক্ষে তা সম্ভব নয়।”
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তসলিমা নাসরিন বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় এখন জামায়াতে ইসলামীকে প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখা যাচ্ছে।
এ সময় তিনি জামায়াতে ইসলামী সম্পর্কে নিজের মতামত তুলে ধরে বলেন, দলটি নারীর অধিকার ও সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে রয়েছে।
তসলিমা আরও বলেন, “বর্তমানে অনেক মুক্তচিন্তার মানুষ ইউরোপে বসবাস করছেন। আমরা যদি নিরাপদে দেশে ফিরে থাকতে পারি, তখনই বুঝতে হবে দেশ সত্যিকার অর্থে সভ্য হয়েছে।”