চলতি আগস্ট মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হলেও এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগস্টে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে মাসজুড়ে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সংস্থাটি জানায়, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। উজানের ভারী বৃষ্টিপাত এবং দেশের অভ্যন্তরে অস্থায়ী ভারী বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীসংলগ্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এদিকে সদ্য শেষ হওয়া জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম, খুলনা, সিলেট ও ঢাকা বিভাগে।