লক্ষ্মীপুরের মেঘনা নদীর দুর্গম চরাঞ্চলে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন খামারিরা। স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ চোরচক্র লক্ষ্মীপুর ও ভোলার চরাঞ্চলের মধ্যে গবাদিপশু পাচার করছে। এতে প্রতিবাদ করতে গিয়ে হামলারও শিকার হচ্ছেন বাথান মালিকরা।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ভোলা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের পাঁচটি মহিষ লক্ষ্মীপুরের চরাঞ্চলে এনে লুকিয়ে রাখার অভিযোগ ওঠে। এর আগে বাথানে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করার পাশাপাশি মহিষ, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেওয়ার ঘটনাও ঘটে।
খামারিদের দাবি, সীমান্তবর্তী চরাঞ্চল হওয়ায় লক্ষ্মীপুর, ভোলা ও বরিশালের আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিয়ে সমন্বয়হীনতার সুযোগ নিচ্ছে চোরচক্র। ফলে প্রায়ই গরু-মহিষ চুরি হলেও দ্রুত ব্যবস্থা মিলছে না।
তবে অভিযুক্তরা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই ধরনের বক্তব্য দিয়েছেন ভোলা জেলার পুলিশ সুপারও।