রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মো. শিপন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে আল আমিন মসজিদসংলগ্ন একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শিপনের স্ত্রী রাত্রি (২০) ও শাশুড়ি ফিরোজা বেগম (৩৫)। ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে শাশুড়ি মেয়ের পক্ষ নিলে শিপন ধারালো অস্ত্র দিয়ে দুজনকে আঘাত করেন। পরে তিনি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন পুলিশকে জানিয়েছেন, রাত্রির সঙ্গে তার ডিভোর্স হলেও তারা একসঙ্গেই বসবাস করছিলেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।