রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক, মানবিক ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
তিনি জানান, প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম শিক্ষা কার্যক্রম ক্যামব্রিজ কারিকুলাম অনুসারে পরিচালিত হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার পাশাপাশি নৈতিকতা, চরিত্র গঠন এবং ইসলামিক মূল্যবোধের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সেনাপ্রধান আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণের পাশাপাশি আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ হিসেবে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে আরও ৭টি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।