পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সংকটের সমাধান সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, বরং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে তিন পার্বত্য জেলা এনসিপি আয়োজিত ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীকে বিভক্ত রেখে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সুবিধা ভোগ করেছে। এই পরিস্থিতির পরিবর্তনে সরকারকে কার্যকর ও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে রাজনৈতিক উদ্যোগ ও সুশাসনের বিকল্প নেই।
জুলাই গণঅভ্যুত্থানের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্যের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সেই ঐক্য নষ্ট হওয়ার পেছনে বিএনপির ভূমিকা রয়েছে। ভোটের রাজনীতির স্বার্থে জনগণের আবেগকে ব্যবহার করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, জাতীয়তাবাদের কথা বলা হলেও গত কয়েক দশকে তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। পার্বত্য অঞ্চলের সব জনগোষ্ঠীর জন্য সমঅধিকার নিশ্চিত করতে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পাহাড়ি অঞ্চলে নতুন নেতৃত্ব তৈরির আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সব জনগোষ্ঠীর মধ্যে টেকসই ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
তিনি একই সঙ্গে ঘোষণা দেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলার সবকটি আসনে এনসিপি প্রার্থী দেবে।
আলোচনা সভায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তিন পার্বত্য জেলার স্থানীয় প্রতিনিধি ও রাজনৈতিক কর্মীরাও উপস্থিত ছিলেন।