জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সহায়তায় এ পর্যন্ত প্রায় ১ হাজার ৬ কোটি টাকা ব্যয় করেছে সরকার। এর মধ্যে রয়েছে এককালীন অনুদান, মাসিক ভাতা, বিদেশে চিকিৎসা এবং পুনর্বাসন সহায়তা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৮৪৩ জন জুলাই শহীদ এবং ১৪ হাজার ৩৬৮ জন জুলাইযোদ্ধা সরকারি সুবিধার আওতায় রয়েছেন।
শহীদ পরিবারকে সর্বোচ্চ ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে। আহত জুলাইযোদ্ধাদেরও শ্রেণিভেদে এককালীন অনুদান ও মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত ১৫৪ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, যেখানে ব্যয় হয়েছে ৩৬৩ কোটি টাকা।
এছাড়া প্রায় ৩ হাজার জুলাইযোদ্ধার পুনর্বাসন প্রশিক্ষণ চলমান রয়েছে এবং তাদের দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন প্রকল্পও প্রস্তুত করছে সরকার।