রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবৈধ ভিওআইপি, জিএসএম গেটওয়ে পরিচালনা এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাতে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হন ঝর্না চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) এবং শে ই রান (৪২)। এ সময় ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, ৬ হাজারের বেশি সক্রিয় সিমকার্ড, ২০টি জিএসএম গেটওয়ে ডিভাইস, ২৬ বোতল বিদেশি মদ এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
ডিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, ঝর্না চাকমা জিয়ানা পুরো ভবনটি ভাড়া নিয়ে এর চতুর্থ ও পঞ্চম তলা কয়েকজন চীনা নাগরিকের কাছে সাবলেট দেন। সেখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অবৈধ ভিওআইপি সেবা ও অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করা হতো বলে অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, চক্রটি চাকরি, বিশেষ অফার ও অতিরিক্ত আয়ের প্রলোভন দেখিয়ে ভুয়া লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত। একই সঙ্গে বিশেষ প্রযুক্তির মাধ্যমে বিপুলসংখ্যক সিম পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়ানোর চেষ্টা করত।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।