নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘণ্টায় মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও কৃষি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিদ্যুৎ সংকটের কারণে শিল্পাঞ্চলের ছোট-বড় কারখানাগুলোর উৎপাদন অর্ধেকেরও নিচে নেমে এসেছে। অনেক প্রতিষ্ঠান জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালালেও এতে ব্যয় বেড়ে যাচ্ছে। অন্যদিকে, কৃষকরা সময়মতো সেচ দিতে না পারায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। বিদ্যুৎ না থাকায় অটোরিকশাচালকদেরও চার্জিং সংকটে আয় কমে গেছে। একই সঙ্গে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতিতে পড়েছেন চরম ভোগান্তিতে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ (সোনারগাঁ জোনাল অফিস)-এর উপমহাব্যবস্থাপক খোরশেদ আলম জানান, জাতীয় গ্রিডে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না থাকায় বাধ্য হয়ে লোডশেডিং করা হচ্ছে। সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।