পুলিশ কোনো রাজনৈতিক দল বা বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, মানবিক, পেশাদার এবং সেবামুখী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশ কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা অনিয়ম যেন তাদের গ্রাস করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই সংবিধান ও আইনের প্রতি দায়বদ্ধ থেকে জনগণের সেবা নিশ্চিত করাই হবে পুলিশের প্রধান দায়িত্ব।
ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় নবীন পুলিশ কর্মকর্তাদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সাইবার অপরাধ, ডিজিটাল প্রতারণা ও তথ্যপ্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ সফলভাবে শেষ করেছেন ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। সমাপনী কুচকাওয়াজ শেষে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।