গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাড়া বাসায় পর্ন ভিডিও তৈরির অভিযোগে দুই নারীসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১ আগস্ট) রাতে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন— পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের মামুনী আক্তার (২৪), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজেনা খাতুন (২৮), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার রাকিবুল হাসান রাকিব (৩০) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মামুন অর রশিদ (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ভিডিও ধারণের বিভিন্ন সরঞ্জামসহ দুই নারী ও দুই পুরুষকে আটক করা হয়। অভিযানের সময় একজন পালিয়ে যান।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি তৈরি ও তা মোবাইল ফোনের মাধ্যমে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দিতেন। অভিযানকালে পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পলাতক একজনসহ পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পলাতকসহ জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।