দেশ ও সমাজের উন্নয়নে চলচ্চিত্রকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্র খাতকে অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তরের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের ৭০ বছর পূর্তি উপলক্ষে আব্দুল জব্বার খান স্মৃতি সংসদ আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “আমরা এখনো অ্যানালগে আটকে আছি। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটালে রূপান্তর হওয়া জরুরি।”
তিনি জানান, দেশের চলচ্চিত্র শিল্পকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর নির্মাতা আব্দুল জব্বার খানের অবদান স্মরণীয় করে রাখতে তার নামে একটি সড়কের নামকরণ করা প্রয়োজন।
এছাড়া দেশের প্রথম সবাক চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী ও অন্যান্য সদস্যদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং নতুন প্রজন্মের কাছে চলচ্চিত্র ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।