পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় একটি শান্তি সমাবেশে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং আরও অন্তত ২২ জন আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) ‘সোয়াত আমান জিরগা’র আয়োজিত সমাবেশ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ও সাধারণ মানুষকে লক্ষ্য করেই বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, ঘটনাটিকে আত্মঘাতী হামলা হিসেবে সন্দেহ করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ দেওয়া হয়নি।
হামলার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।