ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির অবস্থান জানতে যুক্তরাষ্ট্রের সিআইএ ও ইসরায়েলের মোসাদ জোর তৎপরতা চালালেও তাকে আড়ালে রাখতে অভিনব কৌশল নিয়েছে তেহরান। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫০ দিনের বেশি সময় ধরে মোজতবা খামেনি মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করছেন না। নিরাপত্তার কারণে তিনি একটি ভূগর্ভস্থ বাঙ্কারে অবস্থান করছেন বলে দাবি করা হয়েছে। এছাড়া তার অবস্থান গোপন রাখতে তার মতো দেখতে একাধিক ব্যক্তিকেও ব্যবহার করছে ইরান।
দ্য টাইমসের দাবি, প্রযুক্তিনির্ভর নজরদারির সুযোগ না থাকায় এখন মোসাদ ও সিআইএ মূলত মানব গোয়েন্দা তথ্য (হিউমিন্ট) এবং ইরানের অভ্যন্তরীণ তথ্যদাতাদের ওপর নির্ভর করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোজতবা খামেনি জীবিত আছেন কি না, তা নিয়েও গোয়েন্দা মহলে নানা জল্পনা রয়েছে। কেউ কেউ মনে করছেন তিনি এখনো বেঁচে আছেন এবং গোপন বাঙ্কারে অবস্থান করছেন, আবার অন্য একটি ধারণা অনুযায়ী তিনি আগের হামলায় নিহত বা গুরুতর আহত হতে পারেন।
তবে এসব তথ্যের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ইরান সরকারও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।