সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু স্মৃতি সংরক্ষণের স্থান নয়, এটি নতুন বাংলাদেশ গঠনের প্রেরণার কেন্দ্র। বুধবার (৫ আগস্ট) জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেবো।”
তিনি বলেন, গণঅভ্যুত্থানের ঘটনার সঙ্গে সঙ্গেই দলিল, নিদর্শন ও মানুষের অনুভূতি সংগ্রহ করে ইতিহাস সংরক্ষণের নতুন দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি অনুপ্রেরণার উৎস হবে।
ড. ইউনূস দেশের প্রতিটি শিক্ষার্থী ও নাগরিককে অন্তত একবার জাদুঘর পরিদর্শনের আহ্বান জানিয়ে বলেন, এখানে এসে সবাই যেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও পরিকল্পনা লিখে রেখে যায়। তিনি আশা প্রকাশ করেন, জাদুঘরটি ভবিষ্যতে সংস্কৃতি, শিল্প ও সৃজনশীল কর্মকাণ্ডেরও কেন্দ্র হয়ে উঠবে।