জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ আলোকচিত্র প্রদর্শনী চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে মিছিল ও স্লোগান দিলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কয়েকজন নেতাকর্মী আহত হন। এছাড়া জবি প্রেসক্লাবের অর্থ-সম্পাদক কামরুজ্জামান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন রয়েছে।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রদল কিংবা ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংঘর্ষের কারণ ও দায়ীদের শনাক্তে তথ্য সংগ্রহ চলছে।