মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় চালু এবং উত্তেজনা প্রশমনে ইরানের সঙ্গে একটি সমঝোতা হয়েছে বলে দাবি করলেও সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যম বলছে, হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে কোনো ধরনের চুক্তি হয়নি।
রোববার (২ আগস্ট) ফার্স নিউজ এজেন্সি ইরানের আলোচক দলের এক সদস্যের বরাত দিয়ে জানায়, যুদ্ধবিরতি বা হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে তেহরান কোনো সমঝোতায় পৌঁছায়নি।
এর আগে ইসরায়েলি কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন ও কাতারের মধ্যস্থতায় একটি প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তবে ইরান সেই তথ্যকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।
ফার্স নিউজের এক সামরিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের বৈরী তৎপরতা অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রশ্নই আসে না। একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সমন্বয় ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল। তবে একটি সম্ভাব্য সমঝোতার কাঠামো তৈরি হওয়ায় সেই হামলা থেকে সরে এসেছে ওয়াশিংটন।
বিশ্লেষকদের মতে, দুই পক্ষের বিপরীতমুখী বক্তব্য প্রমাণ করছে যে হরমুজ প্রণালী ইস্যুতে এখনো কোনো স্পষ্ট কূটনৈতিক সমাধান হয়নি। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে অনিশ্চয়তা অব্যাহত থাকায় বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও এর প্রভাব পড়তে পারে।