জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করতে চায় সরকার এবং তা সংবিধান ও সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হবে।
সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জাতীয় সংসদই হবে দেশের সব রাজনৈতিক সিদ্ধান্ত ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু। তিনি উল্লেখ করেন, সংসদের বাইরে রাজনৈতিক সিদ্ধান্ত বা ভিন্নমুখী চর্চা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, এত ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
শহিদদের স্মরণ প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, শহিদদের আত্মত্যাগকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করা উচিত নয়। বরং জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, সরকার সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে চায় এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সব রাজনৈতিক শক্তির সহযোগিতা কামনা করছে।