গুম প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের পথে এগিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৫তম বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত এই আইনের খসড়া অনুমোদন করা হয়।
খসড়া আইনে বলা হয়েছে, গুমের ঘটনায় ভুক্তভোগীর মৃত্যু হলে, মরদেহ উদ্ধার হলে অথবা পাঁচ বছর পরও নিখোঁজ ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় খুঁজে পাওয়া না গেলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানার বিধান থাকবে।
এ আইনের মাধ্যমে গুমকে স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন-অযোগ্য ও আপস-অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
খসড়ায় আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার, ডিজিটাল সাক্ষ্যের গ্রহণযোগ্যতা এবং সাক্ষী, অভিযোগকারী ও ভুক্তভোগীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার বিধান রাখা হয়েছে।
এছাড়া ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য তদন্তের অগ্রগতি জানার অধিকার, সরকারি আইনগত সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে। দণ্ডিত ব্যক্তির সম্পত্তি থেকে ক্ষতিপূরণ আদায়ের সুযোগ রাখা হয়েছে। তা সম্ভব না হলে রাষ্ট্র ক্ষতিপূরণ প্রদান করবে।
খসড়া অনুযায়ী, গুম হওয়া ব্যক্তির পরিবারের ভরণপোষণের জন্য তার সম্পত্তি ব্যবহারের অনুমতি, পাঁচ বছর পর উত্তরাধিকারীদের সম্পত্তি বণ্টনের জন্য গুম সনদ প্রদান, কেন্দ্রীয় তথ্যভান্ডার গঠন এবং আন্তর্জাতিক সহযোগিতার ব্যবস্থাও রাখা হয়েছে।
আইনে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে তদন্ত এবং পরবর্তী ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার বিধান রাখা হয়েছে।
একই বৈঠকে দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। এতে দাতা জীবদ্দশায় সম্পত্তির ভোগাধিকার সংরক্ষণ করে দান করার আইনি সুযোগ যুক্ত করা হয়েছে।
এছাড়া ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিলের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। সরকার জানিয়েছে, নতুন তালিকা জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নিয়ে পুনরায় হালনাগাদ করা হবে এবং জনগণের ওপর অতিরিক্ত মূল্যচাপ না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করা হবে।