ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সাত দফা দাবিতে বরগুনায় ওজোপাডিকোর (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) জেলা কার্যালয় ঘেরাও করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সোমবার (৩ আগস্ট) জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয়। এতে সাধারণ নাগরিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, পায়রা ও তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এলাকা হওয়া সত্ত্বেও বরগুনার মানুষ চরম বিদ্যুৎ সংকটে ভুগছেন। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও মৎস্য খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ডিমান্ড চার্জ বাতিল, ইউনিট মূল্য পুনর্বিবেচনা, নিয়মিত মিটার রিডিংয়ের ভিত্তিতে বিল প্রদান, অবৈধ সংযোগ বন্ধ, গ্রাহক হয়রানি বন্ধ এবং বরগুনায় পল্লী বিদ্যুতের জোনাল অফিস চালু।
এদিকে ওজোপাডিকোর বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. আমিনুর রহমান জানান, বরগুনা শহরে প্রায় ৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে ৩ মেগাওয়াট। জাতীয় পর্যায়ের বিদ্যুৎ ঘাটতির কারণেই বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে বলে তিনি জানান।