জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে আবারও হামলার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীরা এ হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন।
অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের ভেতর ও বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের দাবি, হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।
এ ঘটনায় জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, দায়িত্বরত কয়েকজন সাংবাদিক এবং চিকিৎসা নিতে আসা কয়েকজন সাধারণ রোগী ও তাদের স্বজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এর আগে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে জবির কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হামলার অভিযোগের বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।