আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে সরকার। নির্দেশনা অমান্য করে বক্তব্য প্রচার বা সম্প্রচার করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালতের আদেশ বহাল থাকা পর্যন্ত তা মেনে চলা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। কেউ শেখ হাসিনার বক্তব্য প্রচারের আগাম ঘোষণা দিয়ে তা প্রকাশ বা সম্প্রচার করলে সেটিও আদালতের আদেশ লঙ্ঘনের শামিল হবে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী আত্মপক্ষ সমর্থনসহ সব আইনি অধিকার নিশ্চিত করা হবে।
প্রশাসনে আগের সরকারের প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, দীর্ঘ ১৫ বছরে গড়ে ওঠা প্রশাসনিক কাঠামো একদিনে পরিবর্তন সম্ভব নয়। রাষ্ট্রীয় সেবাব্যবস্থা সচল রেখেই ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।