বাংলাদেশে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। রাজধানীতে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের মানুষের আন্তরিকতায় মুগ্ধ হওয়ার কথা জানিয়েছেন।
মধুমিতা বলেন, “এই অল্প সময়েই এত আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছি যে মনে হচ্ছে না আমি প্রথমবার এখানে এসেছি। সবাই যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।”
তিনি জানান, পরিচালক মো. ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমার গল্প একেবারেই ভিন্নধর্মী। ছবিতে তার চরিত্রও নতুন ধরনের হওয়ায় কাজটি নিয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত।
অভিনেত্রীর ভাষায়, “এমন ধরনের চরিত্র আমি আগে করিনি। তাই সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। এত সুন্দর একটি টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আপ্লুত।”
মধুমিতা আরও জানান, শুটিংয়ের সময় আবার বাংলাদেশে এসে দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখতে চান। একই সঙ্গে এখানকার মানুষের সহযোগিতা ও ভালোবাসা তার কাজের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সিনেমাটির মহরত অনুষ্ঠানে অভিনেত্রীর স্বামী দেবমাল্য চক্রবর্তীও উপস্থিত ছিলেন। ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে আনুষ্ঠানিকভাবে অভিষেক হচ্ছে মধুমিতা সরকারের।