কক্সবাজার জেলা কারাগারের পূর্ব পাশে অবস্থিত একটি উঁচু পাহাড়ে অবৈধ খনন ও অনিয়ন্ত্রিত পাহাড় কাটার অভিযোগ উঠেছে। এতে পাহাড়ের পাদদেশে থাকা একটি মসজিদ ও বহুতল মার্কেট পাহাড় ধসের ঝুঁকিতে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাহাড়ের মাঝখান থেকে মাটি কেটে সরানো হয়েছে। এতে মাটির স্বাভাবিক ভারসাম্য ও পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হওয়ায় সামান্য বৃষ্টিতেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু বলেন, দীর্ঘদিন ধরে পাহাড় কাটার ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মশিউর রহমান জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থানটি পরিদর্শনের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অনুমতি ছাড়া পাহাড় কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।