ঢাকাসহ সারা দেশে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধঘোষিত সংগঠন এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকাভিত্তিক ঝুঁকি মূল্যায়ন করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ আগস্ট দিবাগত রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ, পদযাত্রার রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
এছাড়া সন্দেহভাজন ব্যক্তি ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিংও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের ভাষ্য, গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।