জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর কবর থেকে এক বৃদ্ধার মরদেহ উত্তোলন করে হাসপাতালে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, মৃত নারীর ছেলে ও মেয়েকে কথিত ‘জিনে আসর’ করায় তারা বিশ্বাস করেছিলেন, তাদের মা এখনো জীবিত।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম (৬৫) মরহুম সোহরাব আকন্দের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের কয়েকজন সদস্য অস্বাভাবিক আচরণ শুরু করেন। পরে তারা কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করে প্রথমে মেলান্দহের একটি বেসরকারি হাসপাতাল এবং পরে জামালপুর শহরের আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত বলে নিশ্চিত করেন। এরপর মরদেহ আবার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।
ঘটনার বিষয়ে পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।