চট্টগ্রামের আলোচিত পলাতক সন্ত্রাসী রায়হান আলম সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমকে উদ্দেশ করে পোস্ট দেওয়ায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে রায়হান লেখেন, “দোজখ আর জাহান্নামে তফাৎ কী, মাসুদ স্যার?”। পুলিশের ধারণা, নোয়াখালীতে গ্রেপ্তার অভিযানের পর এসপি মাসুদ আলমের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ পোস্ট দিয়েছেন।
এর আগে নোয়াখালীতে পুলিশের অভিযানের সময় একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান রায়হান। পরে সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম বলেন, “সে জাহান্নাম না দেখলেও দোজখ দেখে ফেলেছে।”
ফেসবুক পোস্টে রায়হান নোয়াখালীর কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে ভালো পথে ফেরার ইঙ্গিতও দেন।
এ বিষয়ে এসপি মাসুদ আলম বলেন, অভিযানের সময় প্রায় পাঁচ ঘণ্টা চিরুনি অভিযান চালানো হয়। কেউ তাকে আশ্রয় বা পালাতে সহযোগিতা করেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের তথ্য অনুযায়ী, বিদেশে অবস্থানরত বড় সাজ্জাদ চক্রের সঙ্গে রায়হানের সম্পৃক্ততা রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে, যার মধ্যে ৬টি হত্যা মামলা। চট্টগ্রামের এক ব্যবসায়ীর বাসায় গুলিবর্ষণের ঘটনাতেও তার নাম এসেছে বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রায়হানকে গ্রেপ্তারে মাঠপর্যায়ের অভিযান, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রযুক্তিগত নজরদারি জোরদার করা হয়েছে।