বছরের শুরুতে টানা ঊর্ধ্বমুখী থাকার পর গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। এ সময়ে প্রতি ভরি সোনার দাম কমেছে প্রায় ৬৭ হাজার টাকা। একই সঙ্গে দেশের বাজারেও ২২ ক্যারেট সোনার দাম কমেছে প্রায় ৬৩ হাজার টাকা।
চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে প্রতি ট্রয় আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ মার্কিন ডলার ছাড়িয়ে রেকর্ড গড়েছিল। সে সময় প্রতি ভরি সোনার দাম ছিল প্রায় ২ লাখ ৫৩ হাজার টাকা। তবে জুলাইয়ের শেষ দিকে প্রতি ট্রয় আউন্সের দাম নেমে আসে ৪ হাজার ৪৪ ডলারে, ফলে প্রতি ভরির দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ৮৬ হাজার টাকায়।
বিশ্ববাজারে দামের প্রভাবে দেশে ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দামও রেকর্ড ২ লাখ ৮৬ হাজার ১ টাকা থেকে কমে জুলাইয়ের শেষে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায় নেমে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, বৈধ আমদানির সংকট, ব্যাগেজ রুলের ওপর নির্ভরতা, শুল্ক-কর, ডলারের বিনিময় হার এবং স্থানীয় বাজারের চাহিদার কারণে আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে সোনার দামের পতন তুলনামূলক কম হয়েছে।