আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হলেও জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের ছুটি থাকছে না। তারা নিজ নিজ ডিউটি রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দিনটি সাধারণ ছুটি। তবে হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনাসহ জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা ছুটির আওতায় থাকবেন না।
এদিকে গত বছর ৫ আগস্ট পোশাক কারখানায়ও ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে চলতি বছর এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।