হরমুজ প্রণালী পুনরায় চালু এবং শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এ ধরনের কোনো সমঝোতা বা যুদ্ধবিরতি চুক্তি হয়নি।
রোববার (২ আগস্ট) ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি দেশটির আলোচক দলের এক সদস্যের বরাত দিয়ে জানায়, হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে কোনো চুক্তি হয়নি। একই সঙ্গে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এ–সংক্রান্ত প্রতিবেদনও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
ফার্স নিউজের বরাতে এক সামরিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বৈরী কর্মকাণ্ড অব্যাহত থাকলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধই থাকবে। এছাড়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সমন্বয় ছাড়া কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতার পরিপ্রেক্ষিতে তার প্রশাসন নতুন সামরিক হামলা থেকে বিরত রয়েছে।
বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী নিয়ে দুই দেশের বিপরীতমুখী অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজার ও নৌপরিবহন খাতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।