দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রোববার (২ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজীর আহমেদকে প্রত্যাবাসনের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ইউএই কর্তৃপক্ষ যে তথ্য ও নথিপত্র চেয়েছিল, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে তা সরবরাহ করেছে। বর্তমানে আমিরাত তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছে এবং এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে।
তিনি আশা প্রকাশ করেন, সব ধরনের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা সম্ভব হবে।