রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ এবং দলীয় প্রার্থী চূড়ান্ত করার পূর্ণ দায়িত্ব চেয়ারম্যান তারেক রহমানকে দিয়েছে স্থায়ী কমিটি।
মির্জা ফখরুল বলেন, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন এবং দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার এবং আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর দলীয় মনোনয়নপত্র দাখিল করা হবে। একক প্রার্থী থাকলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। তবে একাধিক প্রার্থী হলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করে ভোটের আয়োজন করা হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে।