সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, তবে বিচারিক প্রক্রিয়ায় তার সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আদালতের নির্দেশনা, বিদ্যুৎ-গ্যাস সংকট এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
তথ্য উপদেষ্টা বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তবে তাকে বিচারের আওতায় আনার পাশাপাশি দেশের প্রচলিত আইন অনুযায়ী সব ধরনের আইনি অধিকারও নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচার করা আইন লঙ্ঘনের শামিল। কেউ আদালতের নির্দেশ অমান্য করে তার বক্তব্য প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালন করছে এবং কোনো ধরনের আন্তর্জাতিক বা ভূরাজনৈতিক চাপের মধ্যে নেই।
তিনি দাবি করেন, সাবেক সরকারের প্রভাব প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো বিদ্যমান থাকলেও ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ ব্রিফিংয়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ সাময়িকভাবে কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়েছে। তবে পরিস্থিতি অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় তিনি সাধারণ মানুষকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যুৎ বিল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে তিনি জানান, টমেটো ও কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে।
ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিনের বিষয়ে খোঁজ নিয়ে পরে জানানো হবে। এছাড়া তসলিমা নাসরিন দেশে ফিরতে চাইলে তিনি নিজ উদ্যোগে আইনি প্রক্রিয়া শুরু করলে সরকার বিষয়টি আইন অনুযায়ী বিবেচনা করবে।