বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় করতোয়া নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গলে অভিযান চালিয়ে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে পরিচালিত অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন রকি ও রাকিব। তাদের সঙ্গে আটক হওয়া আরেকজন কিশোর হওয়ায় তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাঁচ থেকে ছয় সদস্যের একটি চক্র জঙ্গলে তাঁবু টাঙিয়ে আস্তানা গড়ে মাদক ব্যবসা এবং অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত ছিল।
ডিবির দাবি, গ্রেপ্তার রকি চক্রটির প্রধান এবং রাকিব দ্বিতীয় নেতৃত্বে ছিলেন। তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।