মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার এবং অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (৩ আগস্ট) বিআরটিএ জানায়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত এবং রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বিভিন্ন সুরের বহুমুখী হর্ন বা তীব্র, কর্কশ, আকস্মিক ও বিকট শব্দ সৃষ্টি করে এমন হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিআরটিএর মতে, এ ধরনের হর্ন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। সম্প্রতি বিভিন্ন মোটরযানে এসব হর্ন ব্যবহারের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
এ কারণে অননুমোদিত হর্ন বা শব্দসৃষ্টিকারী যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।