রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)-দের সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
নবনিযুক্ত আইন কর্মকর্তাদের নিয়ে অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে যান। সেখানে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে তাদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং জারি করা এক প্রজ্ঞাপনে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এসব নিয়োগ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।
বর্তমানে সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার দায়িত্বে রয়েছেন একজন অ্যাটর্নি জেনারেল এবং তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। নতুন নিয়োগপ্রাপ্ত ডিএজি ও এএজিদের যোগদানের মাধ্যমে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনায় আইন কর্মকর্তাদের পূর্ণাঙ্গ কাঠামো আরও শক্তিশালী ও সম্প্রসারিত হয়েছে।