দুবাই আদালতে সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে বাংলাদেশ সরকার সেখানে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের জামিন বাতিলের বিষয়ে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। একই সঙ্গে আদালতে আইনি লড়াই পরিচালনার জন্য একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি জানান, দুবাই আদালতের দেওয়া জামিনের সার্টিফায়েড কপি সংগ্রহের প্রচেষ্টাও চলছে, যাতে পরবর্তী আইনি পদক্ষেপ দ্রুত নেওয়া যায়।
সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করে বলেন, সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সাবেক এই আইজিপিকে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে সরকার সক্ষম হবে।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছিল। পরে তিনি শর্তসাপেক্ষে জামিন পান।
সরকারের দাবি, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তার প্রত্যর্পণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।