ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব-বন্ধন পরিবহনে শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা হাফ ভাড়া কার্যকরের দাবিতে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বাস মালিকদের একতরফাভাবে ৬০ টাকা ভাড়া নির্ধারণের প্রতিবাদ জানিয়ে সংগঠনটি বলেছে, শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে আর কোনো শর্ত বা আপস মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে তারা।
সোমবার (১৬ নভেম্বর) ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নেতারা এক বক্তব্যে জানান, প্রশাসন ও নাগরিক-ছাত্র অংশীজনদের উপস্থিতিতে আগে সাধারণ ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের ভাড়া ৩৪ টাকা নির্ধারণের সমঝোতা হয়েছিল। কিন্তু বাস মালিকেরা সেই সমঝোতা অমান্য করে একতরফাভাবে সাধারণ ভাড়া ৬০ টাকা আদায় করছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে করা পূর্বের সমঝোতাও কার্যত উপেক্ষিত হচ্ছে।
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সৃজয় সাহা বলেন, বাস মালিকদের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও একতরফা সিদ্ধান্তের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি তাদের অসম্মান প্রকাশ পেয়েছে। সরকারের প্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি, যা তাদের সদিচ্ছার অভাবকে সামনে এনেছে।
তিনি আরও বলেন, “আমাদের অবস্থান এখন পরিষ্কার—শিক্ষার্থীরা ৩০ টাকার এক পয়সাও বেশি হাফ ভাড়া দেবে না। সাধারণ ভাড়া যাই হোক না কেন, শিক্ষার্থীদের জন্য অবশ্যই ৩০ টাকা হাফ ভাড়া কার্যকর করতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
গণপরিবহনের ভাড়া নির্ধারণে বাস মালিকদের স্বেচ্ছাচারিতা বন্ধ এবং শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা হাফ ভাড়া নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র ফেডারেশন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।